দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৮ মে) প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। তবে আগুনে ব্যাংকের কিছু কাজপত্র পুড়ে গেলেও নিরাপদ রয়েছে ভল্ট।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ধোলাইখালে হাজী ইসলাম স্টিল মার্কেটের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, আগুন নেভানো হয়েছে। তবে ব্যাংকের ভল্টে টাকা থাকায় পুলিশ সদস্যরা ভবনের সামনে রয়েছেন। টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এসময় সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পরে যোগ দেয়। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে ৫টি ইউনিট।
ডিপি/