দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের জীবন মানের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এ শিল্পের সঙ্গে জড়িত ৮০ শতাংশের বেশি শ্রমিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং অর্থনৈতিক কারণে বিকল্প আয়ের উৎস চান।
রোববার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে ডরপ (DORP) আয়োজিত ‘টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবন মান’ শীর্ষক গবেষণার প্রকাশনা অনুষ্ঠানে এমন তথ্য উঠে আসে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে-২০১৭ অনুযায়ী, দেশে ১৫ বছর ও তদুর্ধ্ব বয়সে তামাক পণ্য ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৮ লাখ। আর পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ মারা যায়। এই প্রেক্ষিতে করা গবেষণায় দেখা যায়, বিড়ি শ্রমিকরা তাদের বর্তমান পেশা ছেড়ে দিতে চান।
এর কারণ হিসেবে অনুন্নত জীবন মানের কথা বলেছেন ৫৩ শতাংশ শ্রমিক। এছাড়া কাজের অতিরিক্ত চাপে ১৬ শতাংশ, স্বাস্থ্য ঝুঁকির কারণে ৬২ শতাংশ, কাজের অপ্রাপ্তি থেকে ৬৮ শতাংশ এবং কম মজুরিকে অসন্তোষের কারণ হিসেবে চিহ্নিত করেছেন ৯৫ শতাংশ বিড়ি শ্রমিক।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, ৮২ শতাংশ শ্রমিক বিড়ি শিল্পে অসন্তুষ্ট এবং বিকল্প ও স্থিতিশীল কর্মসংস্থানের চেষ্টা করে যাচ্ছেন।
উল্লেখ্য, গবেষণায় অংশ নেওয়া শ্রমিকদের ৮৫ শতাংশ শ্বাস-প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত। শতভাগ শ্রামিক জানিয়েছেন যে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা এই পেশায় যুক্ত করতে চান না এবং বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
ডিপি/