দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন বৃহস্পতিবার। এরপর দুইদিন সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (১৪ জানুয়ারি) তাদের প্রথম কর্মদিবস। এ উপলক্ষে নিজ নিজ অফিসে দপ্তরে আসবেন মন্ত্রী-উপমন্ত্রী, অফিস করবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এদিকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণ করতে প্রস্তুত বাংলাদেশ সচিবালয়। নতুন মন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে।
বিভিন্ন মন্ত্রানালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, আজ সচিবালয়ে নিজ নিজ মন্ত্রাণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভা করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এরমধ্যে সকাল সাড়ে ১০ টায় সচিবালয়ে অফিস করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে।
নতুন স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় মন্ত্রণালয়ে যোগদান শেষে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর পর সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। বেলা ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সকাল ১১ টায়, ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাইজেশন নিয়ে গণমাধ্যমে প্রারম্ভিক ব্রিফিং করবেন। জানা গেছে, আজ দুপুর ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম অফিস করবেন নতুন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। এসময় তিনি প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা সঙ্গে মতবিনিময় করবেন। পরে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ সকাল সোয়া ১০ টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ে যোগদানপূর্বক দায়িত্বভার গ্রহন করবেন নাজমুল হোসেন পাপন, সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। এরপর বেলা ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় মিলিত হবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মো. আব্দুর রহমান দুপুর ১২টায় মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনময় করবেন। মতবিনিময় শেষে মন্ত্রী বেলা ২টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুপুর ১২টা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এফএইচ