দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভেতরে আগুনে পুড়ে মারা যাওয়া অজ্ঞাত আরও এক ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম খোকন মিয়া (৩৫)। এর ফলে নিহত ৪ জনের পরিচয় শনাক্ত হলো।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর স্বজনেরা খোকনের পরিচয় শনাক্ত করেন।
নিহত খোকনের চাচাতো ভাই মো. জিলহজ্জ জানান, খোকনের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জলুশাহ গ্রামে। বাবার নাম মৃত নুর ইসলাম।
স্ত্রী সাজন আক্তার এবং এক ছেলে ও এক মেয়েসহ নারায়ণগঞ্জের বিসিক এলাকায় থাকতেন তিনি। অবন্তি কালার টেক্সটাইল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অপারেটর হিসেবে চাকরি করতেন খোকন। একই কারখানায় চাকরি করেন খোকনের স্ত্রীও।
তিনি আরও জানান, খোকনের বড় ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে গত বৃহস্পতিবার নিজের দেড় বছরের মেয়ে শারমিন ও মা বকুল বেগমকে (৫৫) নিয়ে গ্রামে গিয়েছিলেন তিনি।
বিয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার দিবাগত রাতে মা ও মেয়েকে নিয়ে খোকন ঢাকার উদ্দেশে রওনা হন। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠেছিলেন। একই বগিতে ছিলেন ৩ জন।
জিলহজ্জ জানান, ট্রেনটিতে যখন আগুন ধরে, তখন জানালা দিয়ে খোকন তার মাকে বাইরে বের করেন। এরপর জানালা দিয়েই তার মেয়েকে মায়ের কোলে দেন। কিন্তু ধোয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যাওয়ায় নিজে আর বের হতে পারেননি।
তার বৃদ্ধ মাও তাকে আর বের করার কোনো সুযোগ পাননি। এরপরে আগুন ছড়িয়ে পড়লে বাইরে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার মায়ের।
খোকনের স্বজনেরা জানান, খোকনের মা এই দুর্ঘটনা কাউকে জানাতে পারছিলেন না। মঙ্গলবার সকালে টেলিভিশনে খোকনের মায়ের আহাজারি দেখে তারা বিষয়টি বুঝতে পারেন।
পরে গ্রাম থেকে তেজগাঁও রেলস্টেশনে এসে খোকনের মায়ের সন্ধান পান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সবশেষ ঢাকা মেডিকেলে খোকনের লাশের সন্ধান পান।
এদিকে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, স্বজনেরা এসে প্রাথমিকভাবে খোকনের পরিচয় শনাক্ত করেছেন। তারপরও ময়নাতদন্তের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ডিপি/