দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, নারীদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ এ সমস্ত ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না।
তিনি বলেন, পুলিশের তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।
মন্ত্রী বলেন, তারা হরতাল-অবরোধ দিয়েছে, তারা সমাবেশ করেছে। আমরা দেখেছি আগের সমাবেশগুলোতে তারা যা ওয়াদা করেছিল, তাই রেখেছে। কিন্তু ২৮ অক্টোবর সমাবেশের শুরু থেকেই তারা সহিংসতা করেছে।
আমাদের নারী কর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে প্রধান বিচারপতি বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ করা হয়। পুলিশ রক্ষা করতে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। এরপর তারা একের পর এক নৃশংসতা করে চলছিল, পুলিশ সদস্যকে হত্যা করা হয়, সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পুলিশ হাসপাতালে হামলা করে অ্যাম্বুলেন্সে আগুনসহ অন্যান্য গাড়িতে ভাঙচুর করা হয়। সেদিনের হামলায় একজন পুলিশ সদস্য মারা গেছেন, আমাদের আরেকজন সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সবগুলো বিষয় পর্যালোচনা করলে সেদিন যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছিল, যারা সেদিন অবস্থান করছিলেন কেউ এর দায়-দায়িত্ব এড়াতে পারবেন না। সেদিন নাইটিঙ্গেল মোড় পর্যন্ত তারা অবস্থান করার কথা থাকলেও হামলার উদ্দেশ্যেই তারা আগে থেকেই প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয়। এসব অরাজক পরিস্থিতির ভিডিওতে যাদের পাচ্ছি তাদের শনাক্ত করা হচ্ছে। আমরা সড়কে অনেক উন্নতমানের ক্যামেরা স্থাপন করেছিলাম, তারা সেদিন ক্যামেরাগুলোও নষ্ট করেছে। তারপরও আমাদের কাছে যথেষ্ট আলামত রয়েছে। সেদিন যে সহিংস ঘটনা ঘটে, দলটির নেতারা সামনে বসে দেখছিলেন। নেতারা সিদ্ধান্ত দিচ্ছিলেন, আর কর্মীরা সেটার বাস্তবায়ন করছিলেন। তাই এ সহিংসতার দায় নেতারা এড়াতে পারবেন না। তদন্তে নেতারা নির্দোষ হলে খালাস পাবেন, নয়তো তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।
জেবি