দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার আয়োজনে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য যা কল্যাণকর, বর্তমান সরকার তা-ই করছে। নারী ও শিশুরা কোনো ধরনের নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সব ধরনের সেবা পাবেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, সমাজের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৫ সালে বিশ্বে মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ১০৪টি দেশে দাঁড়িয়েছে। তবে, আইন প্রণয়নের অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নারীরা এখনো বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা।
বক্তারা বাংলাদেশের নারী নির্যাতনবিষয়ক বিদ্যমান আইনগুলো আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।
এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন বুধবার এসব তথ্য জানান।
কে