দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে অবকাঠামো উন্নয়ন ও সরকারি সেবা সম্প্রসারণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে চালু হয়েছে পিপিপি মনিটর। এর মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) বিদ্যমান কাঠামো, বিনিয়োগের সুযোগ এবং প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এ মনিটর চালু করা হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
এডিবির পিপিপি মনিটরে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারত্বের নীতিগত কাঠামো, প্রকল্প অনুমোদন ও উন্নয়ন প্রক্রিয়া, সরকারি সহায়তা এবং বিনিয়োগ পরিবেশ মূল্যায়ন করা হয়েছে। এতে সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়োনিষ্কাশন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সামাজিক অবকাঠামো—এই আটটি খাতের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ের পিপিপি ও পৌর অর্থায়নও পর্যালোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প প্রস্তুতি, স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া, ঝুঁকির সুষম বণ্টন এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো জরুরি। একই সঙ্গে বিদ্যমান পিপিপি প্রকল্পের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এডিবি জানিয়েছে, ৫০০টির বেশি গুণগত ও পরিমাণগত সূচকের ভিত্তিতে তৈরি এ মনিটরের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে ২০২৭ সালের শুরুর দিকে। এর মাধ্যমে টেকসই অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি।
এমএস/