দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তৈরি পোশাকশিল্পের উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্দোলনরত শ্রমিকদের অবিলম্বে নিজ নিজ কারখানায় স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আসন্ন ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শ্রমিক, মালিক ও সরকারের শীর্ষ প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, সাধারণত পাঁচ বছর পর পর মজুরি বোর্ড পুনর্গঠন করা হলেও শ্রমিক স্বার্থ বিবেচনায় এবার তিন বছরের মাথায় নতুন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রথম বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় বৈঠকও দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে। মজুরি বোর্ড নিশ্চিত করেছে যে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সব আলোচনা ও পর্যালোচনার প্রক্রিয়া শেষ করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বোর্ডের নিরপেক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও জানান, শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি কাঠামো ঘোষণা করা হবে।
শিল্পে অস্থিতিশীলতা ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অভিযোগ করেন, সাধারণ ও শান্তিকামী শ্রমিকদের আন্দোলনে কিছু বহিরাগত গোষ্ঠী সুযোগ নিয়ে উসকানি দিচ্ছে। যার ফলে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত সংঘাত ও সহিংসতায় সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।
জাতীয় অর্থনীতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশের পোশাক খাতের যে ভিত্তি স্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের মেয়াদে যার সম্প্রসারণ ঘটেছিল-বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখেই পোশাক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ড আজ বিশ্বে যে সুনাম কুড়িয়েছে, তার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের অক্লান্ত ঘাম ও ত্যাগ। সরকার সবসময় তাদের পাশে সংবেদনশীলতার সঙ্গেই থাকবে।
ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক আন্দোলনের মধ্যে নিহত এক শ্রমিকের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, নিহত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনা করছেন তারা। প্রধানমন্ত্রী ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শ্রমমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন তিনি। এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।
পোশাক খাতকে অস্থিতিশীল করে এ শিল্প অন্য দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শ্রমমন্ত্রী। তার দাবি, এ উদ্দেশ্যে কিছু ব্যক্তি সহিংসতা করছে। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, মজুরি নিয়ে আলোচনার জন্য মজুরি বোর্ড রয়েছে। কোনো ধরনের আলোচনা ছাড়াই রাস্তায় নেমে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শ্রমিক নেতাদের নিজ নিজ কারখানায় গিয়ে শ্রমিকদের কাজে ফেরাতে বোঝানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেসব মালিক কারখানায় ছুটি ঘোষণা করছেন, তাদেরও শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে উদ্যোগ নিতে বলেন।
বৃহস্পতিবার থেকে সবাই মিলে নতুন করে কাজ শুরু করার প্রত্যাশা ব্যক্ত করে, শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
এমজে