দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে শতভাগ নির্মোহ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সময় ও মূল্যবান শিক্ষাজীবন রক্ষার্থে এবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জীবন থেকে যেন পুরো একটি বছর ঝরে না যায়, সেজন্য খুব দ্রুততম সময়ে, সম্ভব হলে এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা কোনো দীর্ঘসূত্রতা ছাড়াই পরবর্তী উচ্চশিক্ষার ধারায় যুক্ত হতে পারবে।
মাহ্দী আমিন বলেন, এবার মোট ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী, অর্থাৎ সর্বমোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ছাত্র এবং ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন ছাত্রী, অর্থাৎ মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
পাসের হার ছাত্রদের ক্ষেত্রে ৪৭.৭৫ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে ৫৬.৩১ শতাংশ; আর জাতীয় পর্যায়ে মোট পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ–৫ অর্জন করেছে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী, অর্থাৎ সর্বসাকুল্যে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নিশ্চিত করেছে যেন পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় বলে উল্লেখ করেন মাহ্দী আমিন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কৃতিত্বের সাথে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সাফল্য জাতির জন্য গর্বের। গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কৃতী শিক্ষার্থীদের মেধা, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পগুলো জাতির সামনে তুলে ধরুন, যাতে পুরো প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে।
পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এইচএসসি বা সমমানের এই ফলাফল কোনো শিক্ষার্থীর সমগ্র জীবনের সাফল্য কিংবা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হতে পারে না। যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের প্রতি সরকারের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
কেএম