দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারে সরকারি দল ও বিরোধী দলনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেভাবে একসঙ্গে লড়াই করেছেন, সেভাবেই সব ধরনের অপরাজনীতি ত্যাগ করে দেশের জঞ্জাল পরিষ্কারে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসাসেবা দিতে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলার পরিকল্পনা থেকেই এ উদ্যোগের শুরু। গত কয়েক মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ফিভার ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে। এলাকার কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে বা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে যেন দ্রুত চিকিৎসকের সেবা পান, সে লক্ষ্যেই এ আয়োজন। এ জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান তিনি।
মোবাইল ফিভার ক্লিনিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা যুক্ত করার কথা তুলে ধরে এম এ মুহিত বলেন, এখানে শুধু জ্বর বা ডেঙ্গুর চিকিৎসাই দেওয়া হচ্ছে না। গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর পুষ্টিসেবা দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসার জন্য এখানে ছোট পরিসরে হাসপাতালের মতো ব্যবস্থা করা হয়েছে।
এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ফুটপাত পরিষ্কার ও সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করাসহ দীর্ঘদিনের কঠিন কাজগুলো এলাকাবাসীকে সঙ্গে নিয়ে করা হচ্ছে।
সরকারের সমন্বিত কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা একসঙ্গে জনগণের কল্যাণে কাজ করছেন। সবকিছুর ঊর্ধ্বে উঠে সমন্বয়ের মাধ্যমে জনসেবা করাই সরকারের অঙ্গীকার।
বিরোধী দলের রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এখনো জনসভা ও বক্তৃতার রাজনীতিতে আটকে আছে। তাদের জনসেবামূলক কাজে এগিয়ে আসা উচিত। ১ হাজার ৫০০ গাড়ি নিয়ে দীর্ঘ ভ্রমণে যাওয়ার পরিবর্তে ১ হাজার ৫০০ মানুষ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করলেই হবে না, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ধরনের অপরাজনীতি পরিহার করে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জানান, এলাকাবাসীর জন্য বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পটি শনিবার দিনভর চলবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
এমএম/