দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় এবারও একই ধরনের পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও এ ব্যবস্থা ছিল।
আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি, এসআরবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবির ড্রোন ব্যবহার করেও নজরদারি চালানো হবে। এসব ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ভবন থেকে প্রতি মিনিটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
ভোটের দিনের পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। এসব তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘প্রত্যেকটা নিউজের পেছনে কিছু না কিছু ভালো উপাত্ত পাওয়া যায়। সেই উপাত্তটা আমাদের জন্য গ্রহণীয় এবং সেই উপাত্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব।’
সাংবাদিকদের বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানান আখতার আহমেদ। তাঁর মতে, কমিশনের কার্যক্রম সরাসরি দেখলে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে।
নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ এবং সেসব অভিযোগের ভিত্তিতে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো অভিযোগই ছোট করে দেখা হচ্ছে না। প্রতিটি অভিযোগ ও খবর মূল্যায়ন করা হচ্ছে। ভোটের দিনের পরিস্থিতি পর্যবেক্ষণের পর কোন অভিযোগ সঠিক আর কোনটি ত্রুটিপূর্ণ, তা বোঝা যাবে।
ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই পরিবেশ রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এমএম/