দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটাররা নিজেদের ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে ইসি।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর কোনো আপত্তি থাকলে তা ২০ নভেম্বরের মধ্যে জানাতে হবে। জমা পড়া দাবি-আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
এ ছাড়া ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম, তারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের সময় শেষ হয়েছিল। সে সময় নভেম্বরে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল ইসির। তবে নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
কেএম