দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে আগামী মাসে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এ কর্মসূচিতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ এবং দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের ইতালিতে কাজের উপযোগী করে তোলার পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। দুই দেশের পারস্পরিক অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা মোকাবিলায় বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন বলে উল্লেখ করা হয়। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় অনিয়মিত পথ পরিহার করে বৈধ অভিবাসনের সুযোগ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন দুই পক্ষ।
সাক্ষাৎকালে ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি উপস্থিত ছিলেন।
এমএম/