দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে গত ২২ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে রবিউলকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৭ সেপ্টেম্বর তাকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এবার তৃতীয় দফায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হলো।
রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক বলে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পাসপোর্ট দেখান এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। তবে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্মতারিখের মিল নেই।
রিমান্ড আবেদনে দাবি করা হয়, রবিউল এর আগে অনেকবার বাংলাদেশে ভ্রমণ করলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া ঢাকা শহরসহ সারাদেশে সম্প্রতি নাশকতামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহের কথা উল্লেখ করে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এমএম/