দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সংসদ থেকে চিঠি এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি।’
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তবে আইন অনুযায়ী জাতীয় সংসদ থেকে কোনো চিঠি না এলে এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
এর আগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।
ইসি কর্মকর্তারা জানান, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হয়েছে কি না, তা নিয়ে বিরোধ দেখা দিলে আইন অনুযায়ী বিষয়টি স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানোর প্রক্রিয়া রয়েছে। স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নির্বাচন কমিশনে না আসা পর্যন্ত কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তার সংসদ সদস্য পদ নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল।
তবে এখন পর্যন্ত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের কাছে জাতীয় সংসদ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পৌঁছায়নি বলে জানিয়েছেন ইসি সচিব।
এমএম/