দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশন জানিয়েছে, শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে না। বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে নির্বাচন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখন এ দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, রিটার্নিং কর্মকর্তার বাছাই ৫ মার্চ। আপিল দাখিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ এবং নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।
গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘একটিতে আগে গণভোট হয়েছে এবং গণভোটের যে পার্থক্য রয়েছে, তাতে আরেকটিতে অন্তর্ভুক্ত না করলেও কোনো অসুবিধা নেই।’ শেরপুরে গণভোট হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘শেরপুরে প্রয়োজন হচ্ছে না।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি কমিশনে ঘোষণাপত্র দাখিল করে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী, দুই আসনেই আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএস/