দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এই ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ-১ আসনে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলাজুড়ে বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার অংশবিশেষ নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার পর শুরু হয় গণনা।
শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ছিলেন ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।
এমএস/