দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবার ভোটের ফলাফল জানতে অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপটিতে নির্বাচন সংক্রান্ত তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে তিনটি মেন্যু রয়েছে। এর মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক ভোট পড়ার হার জানা যাবে ঘরে বসেই।
এজন্য গুগল প্লে স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট.বিডি’ অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটিতে প্রবেশ করে ভাষা নির্বাচন করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এসব তথ্য ছাড়াও প্রার্থীদের নাম, ছবি, প্রার্থীদের হলফনামাসহ কেন্দ্রের লোকেশনও জানা যাবে।
এছাড়া ফলাফল ক্যাটাগরিতে আপনার আসন ও সব আসন নামে দুটি অপশন আছে। ভোটের দিন ‘আপনার আসন’ অপশন থেকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারিভাবে গণনায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে।
বিশ্লেষণ অপশনে ফল প্রকাশের পর তার বিশ্লেষণ দেখা যাবে। এখানে সব ফলই দেখাবে গ্রাফিক্যাল ইন্টারফেসে।
ইসি সূত্রে জানা গেছে, ভোট শেষে যেসব এলাকা থেকে ভোট গণনার তথ্য পেতে সমস্যা হবে সেগুলোতে ‘ভেরিফাইড হোয়াটসঅ্যাপের’ মাধ্যমে তথ্য সংগ্রহ করে বেসরকারি ফলাফল মিলবে এ অ্যাপের মাধ্যমে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন। ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হবে।
এফএইচ