দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মাঠ পর্যায়ে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দূরত্ব ও দুর্গম অঞ্চল বিবেচনায় ১৩ জেলার ব্যালট পেপার পাঠানো হচ্ছে প্রথমে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের সরকারি প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙামাটি জেলায় ব্যালট পেপার নিয়ে রওনা দিয়েছেন সংশ্লিষ্টরা।
জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলার ব্যালট পেপার বিজি প্রেস থেকে এবং বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোণার ব্যালট পেপার সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সংগ্রহের জন্য বলা হয়েছে।
তিনটি প্রেস থেকে রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা ব্যালট পেপার বুঝে নিয়েছেন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।
জেডএ