দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওষুধ খাওয়ার সময় অনেকেই তাড়াহুড়ো করে সামান্য পানি দিয়ে ট্যাবলেট বা ক্যাপসুল গিলে ফেলেন। আবার কেউ কেউ পানির বদলে হাতের কাছে থাকা চা, দুধ কিংবা জুস দিয়েও ওষুধ খেয়ে নেন। অভ্যাসটি সহজ মনে হলেও, সব ক্ষেত্রে তা নিরাপদ নয়।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি ছাড়া ওষুধ খাওয়া কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো পানীয়ের সঙ্গে ওষুধ সেবনে শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।
তাহলে ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? কতটা পানি পান করা প্রয়োজন? আর চা, দুধ বা জুস দিয়ে ওষুধ খাওয়াই বা কেন ঠিক নয়? চলুন জেনে নেয়া যাক—
ওষুধের সঙ্গে পর্যাপ্ত পানি কেন জরুরি?
ট্যাবলেট বা ক্যাপসুল সহজে গলা ও খাদ্যনালী পেরিয়ে পাকস্থলীতে পৌঁছানোর জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন। খুব অল্প পানি দিয়ে ওষুধ খেলে সেটি গলা বা খাদ্যনালীর কোনো অংশে আটকে যেতে পারে। এতে গলা বা বুকে অস্বস্তি, জ্বালাপোড়া এবং খাদ্যনালীর ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।
পর্যাপ্ত পানি ওষুধকে পাকস্থলীতে পৌঁছাতে সহায়তা করে এবং শরীরে ওষুধ শোষণের প্রক্রিয়াতেও ভূমিকা রাখতে পারে। আবার কিছু ওষুধ পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত পানি পান করলে ওষুধের সঙ্গে পাকস্থলীর আস্তরণের সরাসরি সংস্পর্শ কিছুটা কমানো সম্ভব।
কতটা পানি পান করবেন?
ডা. রুদ্রজিৎ পাল বলেন, প্রতিবার একটি ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার সময় অন্তত ১০০ থেকে ১৫০ মিলিলিটার পানি পান করা উচিত। আর একসঙ্গে তিন-চারটি ওষুধ খেতে হলে ২০০ মিলিলিটার পানি পান করা নিরাপদ।
তবে ব্যক্তির শারীরিক অবস্থা ও ওষুধের ধরন অনুযায়ী প্রয়োজন ভিন্ন হতে পারে।
তবে অনেকে চা, দুধ বা জুস দিয়ে ওষুধ খেয়ে থাকেন। পানির পরিবর্তে চা বা দুধ দিয়ে ওষুধ খাওয়ার অভ্যাসও এড়িয়ে চলা উচিত। চিকিৎসক কিংবা ওষুধের নির্দেশিকায় বিশেষভাবে অনুমতি না থাকলে এভাবে ওষুধ সেবন না করাই ভালো।
জুস বা অন্য কোনো পানীয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। ডা. পাল বলেন, কিছু ওষুধের সঙ্গে নির্দিষ্ট খাবার বা পানীয়ের প্রতিক্রিয়া হতে পারে। এতে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সাধারণভাবে ওষুধ খাওয়ার জন্য সাদা পানিই ব্যবহার করা উচিত।
কিডনির সমস্যা থাকলে কী করবেন?
তবে সবার ক্ষেত্রে বেশি পানি পান করা একইভাবে উপকারী নয়। ডা. পাল জানান, যাদের কিডনিতে সমস্যা রয়েছে এবং প্রতিদিনের পানি পানের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাদের ওষুধ খাওয়ার সময়ও সেই সীমার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করলে উল্টো সমস্যা তৈরি হতে পারে।
চিকিৎসকের মতে, সাধারণভাবে একটি ট্যাবলেট বা ক্যাপসুলের সঙ্গে ১০০–১৫০ মিলিলিটার পানি পান করার পরামর্শ দেয়া হয়। তবে প্রয়োজন ব্যক্তি ও শারীরিক অবস্থাভেদে পরিবর্তিত হতে পারে।
এসময় অল্প পানি দিয়ে ওষুধ খেলে ট্যাবলেট বা ক্যাপসুল খাদ্যনালীতে আটকে গিয়ে গলা বা বুকে অস্বস্তি, জ্বালা এবং খাদ্যনালীর ক্ষতির কারণ হতে পারে।
চিকিৎসক বা ওষুধের নির্দেশিকায় অনুমতি না থাকলে চা বা দুধ দিয়ে ওষুধ না খাওয়াই ভালো। কিছু ওষুধের সঙ্গে খাবার বা পানীয়ের প্রতিক্রিয়া হতে পারে। সব ওষুধের ক্ষেত্রে জুস নিরাপদ নয়। নির্দিষ্ট কিছু পানীয় ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাদা পানি ব্যবহার করাই উপযুক্ত।
কিডনির সমস্যায় অনেকের প্রতিদিন পানি পানের সীমা নির্ধারিত থাকে। তাই এমন অবস্থায় ওষুধ খাওয়ার সময় কতটা পানি পান করবেন, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।
কেএম