দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিল থানায় হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের উপ-পরিদর্শক আবু সালেহ শাহীন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)।
মামলা সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাতে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে থানায় ঢোকার চেষ্টা করেন। এসময় ডিউটিরত পুলিশ সদস্য বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে থানার ভেতরে ঢুকে পড়েন। পরে তারা ওসির খোঁজ করতে করতে ওসির (তদন্ত) কক্ষে প্রবেশ করেন এবং অফিসার ইনচার্জকে উদ্দেশ্য করে উচ্চস্বরে চিৎকার করে বলেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন’ এবং টেবিল চাপড়িয়ে কৈফিয়ত দাবি করেন। এতে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক তিনজনসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
অভিযোগে আরও জানা যায়, আসামিরা আগেও গুলশানে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছিল, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনার জেরেই তারা মতিঝিল থানায় এসে হামলা চালায় বলে পুলিশের ধারণা। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও তাদের সহযোগীদের নাম-পরিচয় গোপন করছে। তদন্ত চলাকালীন জামিনে মুক্তি পেলে আসামিরা পলাতক হতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।
/অ