দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিল চেয়ে আদালতে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে জামিনেই থাকবেন তিনি। জামিন বহাল রাখার পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে আবেদন করেন আইনজীবী খুরশিদ আলম খান। আদালত শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন।
আবেদনে বলা হয়, ড. ইউনূস আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। তার জামিন বাতিল করা প্রয়োজন।
এর আগে গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য ৩ জন হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ টেলিকম পরিদর্শনে দেখা গেছে ১০১ জন কর্মী ও কর্মচারীর চাকরি স্থায়ী করার কথা ছিল তা করা হয়নি। তাদের জন্য কোনো অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিলও গঠন করা হয়নি। আইন মেনে কোম্পানির লাভের পাঁচ শতাংশও শ্রমিকদের দেওয়া হয়নি।