দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপিপন্থি এবং বিরোধীদলীয় আইনজীবীরা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায় সংবর্ধনা বর্জন করেছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনায় অংশ না নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিদায়ী সংবর্ধনা বর্জন সভা করেন তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
ব্যানারে লেখা ছিল বিচার বিভাগকে আওয়ামী বাকশালীকরণ ও সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা এবং বারের ভোট ডাকাত-অবৈধ দখলদারদের পৃষ্ঠপোষকতার প্রতিবাদে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা বর্জন।
এতে সভাপতিত্ব করেন বিএনপিপন্থি আইনজীবীদের সমর্থনে গঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল। সঞ্চালনা করেন ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম কনভেনর মোহাম্মদ আলী।
সভায় বক্তব্য রাখেন- ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সদস্য সচিব সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গিয়াস উদ্দিন আহমদ, আইনজীবী আবেদ রাজা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার ফাহিমা নাসরিন মুন্নী, ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব ও গোলাম নবীসহ আরও অনেকে।
এ সময় আপিল বিভাগের দুই বিচারপতির উদ্দেশে ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সদস্য সচিব সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, আপনারা যখন আইনজীবী ছিলেন তখন এই সুপ্রিম কোর্টে কী করেছেন? তা আইনজীবী সমাজ জানে। প্রধান বিচারপতির দরজায় একজন বিচারপতি লাথি মেরেছেন, যা মিডিয়ার প্রকাশিত হয়েছে। আদালত অঙ্গনে মিছিল ও সমাবেশ নিয়ে যে রায় এখন আমাদের মানতে বলা হচ্ছে, একসময় সেই রায়ই আপনারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুড়িয়েছেন।
তিনি বলেন, আপনারা অতীত ভুলে গেছেন। আপনারা যা করেছেন, আমরা তার থেকে বেশি করব গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে। হুঁশিয়ার... বিচার বিভাগকে কলুষমুক্ত করতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন (সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক) খোকন বলেন, বিচারপতিরা শপথ নিয়ে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবেন। কিন্তু কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের পক্ষে কাজ করেন। এর মাধ্যমে তারা সংবিধান লঙ্ঘন করছেন।
জেডএ