দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিদের বয়স বিবেচনায় মামলাটির বিচার হবে পৃথক দুটি আদালতে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। বয়সের কারণে দুই অপ্রাপ্তবয়স্ক ও দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার পৃথক আদালতে পরিচালিত হবে।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বয়স বিবেচনায় পৃথক আদালতে বিচার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশের তদন্তে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আলোচিত অপ্রতিম হত্যা মামলার বিচার। সন্তানের হত্যাকাণ্ডের বিচার পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারের পাশাপাশি মামলার বিচারিক অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন কুমিল্লার সচেতন মহল।
এমএস/