দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্বশুরের সঙ্গে আপসের পরও জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে নারী আসামি হিসেবে বিবেচনায় জামিন পেয়েছেন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।
এর আগে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের বিরুদ্ধে করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আপস মীমাংসা হয়। তিনি আদালতে হাজির হয়ে আসামিদের জামিনে কোনো আপত্তি নেই বলে জানান।
বুধবার আদালতে বাদীপক্ষের আপসের বিষয়টি জানানো হয়। পরে মাকছুদার জামিন মঞ্জুর হলেও গাজী নজরুলের জামিন হয়নি।
এর আগে দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুলকে কারাগারে পাঠানো হয়। ওই সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আদালতকে আরও জানিয়েছিল, মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তবে এসব বিষয় মামলার তদন্তের অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে।
এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। পরে নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার করা হয়।
এমএম/