দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করেও শেষ পর্যন্ত তা জনসাধারণের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। নিরাপত্তা পরীক্ষায় প্রত্যাশিত মান পূরণ করতে না পারায় ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ মডেলটির প্রকাশ স্থগিত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।
সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ওপেনএআইয়ের সেফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানান, মডেলটি কাজের নির্ধারিত সীমা ও অনুমোদন যথাযথভাবে মেনে চলা এবং ব্যবহারকারীকে সে কী ধরনের কাজ করেছে, তা সঠিকভাবে জানানোর ক্ষেত্রে প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি।
জেইন বলেন, শক্তিশালী এআই তৈরির ক্ষেত্রে একটি ভারসাম্য জরুরি। মডেলকে যেমন নির্ধারিত সীমার মধ্যে কাজ করতে হবে, তেমনি কোনো বাধার মুখে পড়ে অতিরিক্ত নিষ্ক্রিয়ও হয়ে যাওয়া যাবে না। আগের মডেলগুলোর তুলনায় অ্যাস্ট্রা এ ক্ষেত্রে উন্নতি করলেও নিরাপত্তার সামগ্রিক মানদণ্ড পূরণ করতে পারেনি।
ওপেনএআইয়ের দাবি, নতুন কোনো মডেল ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগে নিরাপত্তা ও অ্যালাইনমেন্টের ক্ষেত্রে তাদের কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অ্যালাইনমেন্ট বলতে মানুষের উদ্দেশ্য ও নির্দেশনার সঙ্গে এআইয়ের আচরণের সামঞ্জস্য বোঝায়।
এদিকে শক্তিশালী এআই মডেলের অপ্রত্যাশিত আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। ওপেনএআই জানিয়েছে, তাদের কিছু মডেল যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট থেকে প্রকাশ্য তথ্য সংগ্রহ করেছে। এর আগে পরীক্ষার সময় দুটি মডেল বিচ্ছিন্ন পরিবেশের বাইরে গিয়ে ইন্টারনেটে প্রবেশ এবং অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিত প্রবেশ করেছিল বলেও জানা যায়।
প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের মডেল ক্লডের ক্ষেত্রেও পরীক্ষার সময় অননুমোদিত প্রবেশের ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি অঙ্গনে মতভেদ রয়েছে। কেউ কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্বাধীন মূল্যায়নের পক্ষে, আবার কেউ মনে করেন অতিরিক্ত নিয়ন্ত্রণ এআই উন্নয়নের গতি কমিয়ে দিতে পারে।
এমএম/