দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হোয়াটসঅ্যাপে প্রতিদিনই ব্যক্তিগত ছবি, ভিডিও, নথি থেকে শুরু করে লোকেশন পর্যন্ত শেয়ার করছেন। কিন্তু আপনার প্রোফাইলের এসব তথ্য আসলে কারা দেখতে পাচ্ছেন, তা কি জানেন? শেষবার কখন অনলাইনে ছিলেন, প্রোফাইলের ছবি, স্ট্যাটাস কিংবা আপনার লোকেশন, চাইলে এসবের দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করতে পারেন নিজেই। হোয়াটসঅ্যাপের কয়েকটি প্রাইভেসি সেটিংস বদলেই কমিয়ে আনা যায় অপ্রয়োজনীয় তথ্য প্রকাশের ঝুঁকি।
শুরুতেই দেখে নিন প্রাইভেসি সেটিংস
হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান। এরপর প্রাইভেসি অপশনে ঢুকলেই সামনে আসবে একাধিক গুরুত্বপূর্ণ সেটিংস। লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ফটো, অ্যাবাউট, স্ট্যাটাস, গ্রুপস এবং রিড রিসিপটসের মতো অপশন রয়েছে এখানে।
প্রতিটি অপশনে ঢুকে আপনার তথ্য কারা দেখতে পারবেন, সেটি নির্ধারণ করা যায়। ফলে কয়েকটি সেটিংস পরিবর্তন করেই অ্যাকাউন্টের গোপনীয়তা অনেকটাই নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আপনি কখন অনলাইনে ছিলেন, সেটিও নিয়ন্ত্রণ করা যায়
শেষবার কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন, সেটিও অনেকের কাছে ব্যক্তিগত তথ্য হতে পারে। প্রাইভেসি সেটিংসের লাস্ট সিন অ্যান্ড স্ট্যাটাস অপশনে গিয়ে এর দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করা যায়।
লাস্ট সিনের ক্ষেত্রে মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অথবা নোবডি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইন স্ট্যাটাসের ক্ষেত্রেও এমন ব্যবস্থা আছে, যাতে আপনার অনলাইনে থাকার তথ্য সীমিত রাখা যায়।
প্রোফাইল ফটো ও অ্যাবাউটেও নজর দিন
প্রোফাইল ফটোতে নিজের ছবি এবং অ্যাবাউট অংশে অনেকে ফোন নম্বর, পেশা, ব্যক্তিগত বার্তা কিংবা অন্য তথ্য লিখে রাখেন। এসব তথ্য সবার জন্য উন্মুক্ত থাকলে অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারেন।
তাই প্রোফাইল ফটো ও অ্যাবাউটের প্রাইভেসি সেটিংসও একবার পরীক্ষা করে নেওয়া উচিত। প্রয়োজন হলে এগুলোর দৃশ্যমানতা শুধু নিজের কন্ট্যাক্টসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাদ দেওয়ার সুবিধাও রয়েছে।
স্ট্যাটাস কে দেখছেন, সেটিও আপনার হাতে
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেন অনেকেই। তবে সব কন্ট্যাক্টসের সঙ্গে এসব আপডেট শেয়ার করার প্রয়োজন নেই।
স্ট্যাটাস প্রাইভেসিতে গিয়ে ঠিক করা যায় কারা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিদের বাদ দেওয়া যায়। আবার অনলি শেয়ার উইথ বেছে নিয়ে শুধু নির্বাচিত কয়েকজনের সঙ্গেও স্ট্যাটাস শেয়ার করা সম্ভব।
অপরিচিত কেউ যেন আপনাকে গ্রুপে যুক্ত করতে না পারে
অনেক সময় পরিচিত না হয়েও কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিতে পারেন। এমন ঘটনা কমাতে গ্রুপস প্রাইভেসি সেটিংস পরীক্ষা করে নেওয়া যায়।
এখানে কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটি নির্ধারণ করা সম্ভব। মাই কন্ট্যাক্টস নির্বাচন করলে আপনার কন্ট্যাক্টসের বাইরে থাকা ব্যক্তিদের সরাসরি আপনাকে গ্রুপে যুক্ত করার সুযোগ সীমিত হয়।
নীল টিক ও লাইভ লোকেশনেও রাখুন নজর
মেসেজ পড়ার পর যে নীল টিক দেখা যায়, সেটিও প্রাইভেসি সেটিংস থেকে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণ ব্যক্তিগত চ্যাটে রিড রিসিপটস বন্ধ করলে অন্য ব্যক্তি আপনার মেসেজ পড়েছেন কি না, তা দেখতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটসহ কিছু ক্ষেত্রে নিয়ম আলাদা।
এদিকে কোনো ব্যক্তি বা গ্রুপের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করে থাকলে সেটিও মাঝেমধ্যে পরীক্ষা করা জরুরি। প্রয়োজন শেষ হয়ে গেলে লোকেশন শেয়ারিং বন্ধ করে দেওয়া উচিত।
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে তাই নিয়মিত প্রাইভেসি সেটিংস পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। কয়েক মিনিট সময় নিয়ে এসব অপশন ঠিক করে নিলেই বোঝা যাবে, আপনার কোন তথ্য কারা দেখতে পারছেন এবং কোথায় আরও নিয়ন্ত্রণ প্রয়োজন।
/অ