দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে, জন্মদিন কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করছেন? অতিথিদের মধ্যে কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও এবার তাকে সহজেই পাঠাতে পারবেন আমন্ত্রণ। নতুন একটি আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইভেন্টে এমন সুবিধা যুক্ত করছে মেটা। এতে আমন্ত্রণের লিংক পেয়েই যে কেউ নিজের ফোনের ব্রাউজারে অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না খুলেও জানাতে পারবেন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইভেন্টসের এই পরিবর্তনের কথা জানিয়েছে মেটা। নতুন সুবিধার ফলে শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যেই আমন্ত্রণ পাঠানোর সীমাবদ্ধতা থাকছে না। বরং অ্যাপটি ব্যবহার করেন না, এমন ব্যক্তিদেরও অনুষ্ঠানের অতিথি হিসেবে যুক্ত করা যাবে।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই জানানো যাবে উপস্থিতি: নতুন ফিচারটির সবচেয়ে বড় সুবিধা হলো, আমন্ত্রণ পাওয়া ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ থাকা বাধ্যতামূলক নয়। আয়োজক প্রথমে হোয়াটসঅ্যাপে একটি ইভেন্ট তৈরি করবেন। সেখানে অনুষ্ঠানের প্রয়োজনীয় তথ্য ও কভার ছবি যুক্ত করে একটি ইনভিটেশন লিংক তৈরি করা যাবে। এরপর সেই লিংক অন্য যে কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে।
আমন্ত্রণ পাওয়া ব্যক্তি লিংকটি নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে খুললেই অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পারবেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সেটিও জানাতে পারবেন। এই প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।
ইভেন্ট পরিচালনায় আসছে আলাদা সেকশন: ইভেন্ট ব্যবস্থাপনাকে আরও সহজ করতে হোয়াটসঅ্যাপে ইভেন্টস হোম নামে আলাদা একটি বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেটিংসের মধ্যে থাকা এই সেকশনে ব্যবহারকারীরা নিজেদের তৈরি করা এবং অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ দেখতে পারবেন। পুরোনো ও আসন্ন অনুষ্ঠানগুলোর তথ্যও সেখানে পাওয়া যাবে।
এই বিভাগ থেকেই আয়োজকেরা নতুন আমন্ত্রণ তৈরি করতে, অতিথিদের উত্তর দেখতে এবং প্রয়োজন অনুযায়ী রিমাইন্ডার পাঠাতে পারবেন। ফলে কে অনুষ্ঠানে আসছেন, আর কে আসতে পারছেন না, তা আলাদা করে হিসাব রাখাও সহজ হবে।
থাকছে প্লাস-ওয়ান সুবিধাও: নতুন আপডেটে প্লাস-ওয়ান নামে আরেকটি সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা জানাতে পারবেন, তারা নিজের সঙ্গে আরও একজনকে নিয়ে আসবেন কি না। বিয়ে বা পার্টির মতো অনুষ্ঠানে অতিথির সংখ্যা আগে থেকে বুঝতে এই সুবিধা কাজে আসবে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কী ব্যবস্থা: নতুন ফিচারে গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, আয়োজকের অপরিচিত অতিথিরা তার ফোন নম্বর দেখতে পারবেন না। আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়া যারা আমন্ত্রণের লিংক খুলবেন, তারা আরএসভিপি-এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার পরই অনুষ্ঠানের ঠিকানা দেখতে পারবেন।
এছাড়া ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। নতুন ইভেন্ট শেয়ারিং সুবিধার কারণে ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আসবে না বলে জানিয়েছে সংস্থাটি।
কবে পাওয়া যাবে নতুন ফিচার: হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে নতুন সুবিধাগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে ফিচারটি নাও পেতে পারেন। এই আপডেট চালু হলে বিয়ে, জন্মদিন, পার্টি কিংবা পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো আরও সহজ হবে। বিশেষ করে যাদের পরিচিতদের অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের জন্য নতুন সুবিধাটি বেশ কার্যকর হতে পারে।
কে