দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল উন্নয়নের গতি কিছুটা কমিয়ে ঝুঁকি মোকাবিলায় আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তাঁর মতে, এআই উন্নয়ন বন্ধ করার প্রয়োজন নেই; তবে প্রযুক্তিটির সম্ভাব্য গুরুতর ঝুঁকি মোকাবিলায় কোম্পানি ও সরকারগুলোকে পর্যাপ্ত সময় দিতে হবে।
শনিবার প্রকাশিত এক প্রবন্ধে আমোদেই এআই উন্নয়নের ক্ষেত্রে তিন দফা পরিকল্পনার প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে এআই মডেল তৈরির সময় স্বাধীনভাবে নজরদারি, পুরো শিল্প খাতে নিয়ন্ত্রণব্যবস্থা এবং বৈশ্বিক পর্যায়ে নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা।
সম্প্রতি এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর আশঙ্কাগুলোর একটি হলো, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতির সম্পূর্ণ ধ্বংসের সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে।
এর আগে অ্যানথ্রপিক জানিয়েছিল, তাদের এআই মডেল ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির কাজে সহায়ক হতে পারে—এমন ক্ষতিকর কর্মকাণ্ডের চেষ্টা তারা শনাক্ত ও প্রতিহত করেছে।
এআই নিয়ে সবচেয়ে কড়া সতর্কবার্তা এসেছে অ্যানথ্রপিকের নিরাপত্তা দলের দুই সাবেক কর্মীর কাছ থেকেও। গত দুই সপ্তাহে তাঁরা পদত্যাগ করে সতর্ক করেছেন, মানুষের চেয়ে বুদ্ধিমান যন্ত্র তৈরির প্রতিযোগিতায় এআই কোম্পানিগুলোর দৌড় মানবজাতির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে।
এসব সতর্কবার্তার পর এআই উন্নয়ন নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ ধরনের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে দেখেননি। বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র এআইয়ে জয়ী হতে না পারলে দেশটি খুব খারাপ অবস্থায় পড়বে বলে তিনি উদ্বিগ্ন।
‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামের প্রবন্ধে আমোদেই বলেন, এআই প্রযুক্তি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়েছে। বিশেষ করে নিজের পরবর্তী প্রজন্মের এআই তৈরির সক্ষমতার ক্ষেত্রেও প্রযুক্তিটির অগ্রগতি হয়েছে ব্যাপকভাবে।
এ প্রসঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করেন। জুলাইয়ে ওপেনএআইয়ের এআই এজেন্টগুলো এমন কিছু সাইবার নিরাপত্তা হামলা চালিয়েছিল, যেগুলোর লক্ষ্য তাদের দেওয়া হয়নি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল। আমোদেই বলেন, এআই এজেন্টগুলো একপর্যায়ে প্রায় উন্মত্তভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করেছিল।
ঘটনার পর ওপেনএআই জানায়, এআই এজেন্টগুলোর পারস্পরিক যোগাযোগের গুরুত্ব জুলাইয়ের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্পষ্ট ছিল না। এ কারণে প্রতিষ্ঠানটি কিছু উন্নত এআই মডেল ও সরঞ্জামের প্রশিক্ষণ ধীরগতির করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে এআই সরঞ্জামের কার্যক্রম ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে বলেও স্বীকার করে তারা।
আমোদেই বলেন, এআই এমন গতিতে তৈরি করা উচিত, যাতে এর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিটির সুফলও পাওয়া যায়। এর অর্থ মডেল প্রশিক্ষণ বা প্রযুক্তিগত অগ্রগতি বন্ধ করে দেওয়া নয়। বরং কোম্পানিগুলোকে নিজেদের মডেল নিরাপদ ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পর্যাপ্ত সময় দিতে হবে এবং তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের মাধ্যমে সেই নিরাপত্তা যাচাই করতে হবে।
অ্যানথ্রপিক এ নীতিতে একতরফাভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও জানান আমোদেই। একই সঙ্গে অন্যান্য শীর্ষস্থানীয় এআই কোম্পানিকেও একই নীতি অনুসরণের জন্য সরকারকে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আমোদেই স্বীকার করেন, এআইয়ের গতি কমানো হলে শিল্প খাত ও বিশ্বের শীর্ষ এআই নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতায় এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
তাঁর মতে, এআই মডেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সক্ষমতার পর্যায়ে পৌঁছানোর আগে যদি উন্নয়নের গতি কমিয়ে এক-দুই বছর অতিরিক্ত সময় পাওয়া যায় এবং সেই সময় এআইয়ের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার কাজে ব্যবহার করা যায়, তাহলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তবে তিনি মনে করেন, এ ধরনের ধীরগতি অবশ্যই সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সুবিধা বা এআই খাতে নেতৃত্ব হারিয়ে না ফেলে। একই সঙ্গে চীন যাতে এআই উন্নয়নে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।
এ জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি মার্কিন এআই চিপ চীনে বিক্রি বন্ধ করার পাশাপাশি কর্তৃত্ববাদী দেশগুলোর সঙ্গে এআই প্রযুক্তি ভাগাভাগি সীমিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান।
সূত্র: বিবিসি
এমএস/