দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাহাড়ের গায়ে তাকালে দেখা যায় শুধু পাথর আর শিলাখণ্ড। কিন্তু সেই পাথরের স্তরের নিচেই লুকিয়ে থাকতে পারে বিপুল পরিমাণ বরফ। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের পাহাড়গুলোতে এমনই লুকানো বরফের ভাণ্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের হিসাবে, অঙ্গরাজ্যটির নথিভুক্ত রক গ্লেসিয়ারগুলোতে মোট প্রায় ১০০ কোটি টন বরফ থাকতে পারে।
রক গ্লেসিয়ার সাধারণ হিমবাহের মতো নয়। এর ওপরের অংশ পাথর ও ধ্বংসাবশেষে ঢাকা থাকায় বাইরে থেকে বরফ দেখা যায় না। উটাহর ওয়াসাচ ও উইনটা পর্বতমালায় এ ধরনের রক গ্লেসিয়ার রয়েছে।
উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মাউন্ট টিম্পানোগোসের নিচে থাকা টিম্পানোগোস রক গ্লেসিয়ার নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। মাটির নিচে থাকা বরফের পরিমাণ নির্ধারণে তারা মাধ্যাকর্ষণের সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার পদ্ধতি ব্যবহার করেন। এ জন্য ২৩২টি স্থানে পরিমাপ নেওয়া হয়। পরে পরিসংখ্যানভিত্তিক ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে বরফের আকৃতি ও পরিমাণ নির্ণয় করা হয়।
গবেষণায় দেখা গেছে, টিম্পানোগোস রক গ্লেসিয়ারের বরফের অংশে আয়তনের প্রায় ৮৩ শতাংশ বরফ এবং ১৭ শতাংশ পাথর রয়েছে। বরফের গড় পুরুত্ব প্রায় ১৮ দশমিক ৮ মিটার। সেখানে প্রায় ১৫ লাখ ঘনমিটার বরফ রয়েছে, যা প্রায় ৬০০টি অলিম্পিক আকারের সাঁতার পুকুর ভরার সমান।
এই একটি রক গ্লেসিয়ারের তথ্য ব্যবহার করে গবেষকেরা উটাহর অন্য রক গ্লেসিয়ারগুলোর বরফের পরিমাণও হিসাব করেছেন। অঙ্গরাজ্যটিতে ৮৩৬টি রক গ্লেসিয়ার নথিভুক্ত রয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় ১০০ কোটি টন বরফ বা জমাট পানি থাকতে পারে বলে গবেষকদের হিসাব। পশ্চিম যুক্তরাষ্ট্রের রক গ্লেসিয়ারগুলোতে এই পরিমাণ প্রায় ১২০০ কোটি টন এবং বিশ্বজুড়ে প্রায় ৪৮০০ কোটি টন হতে পারে।
গবেষকদের মতে, এসব রক গ্লেসিয়ার পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ পানির ভাণ্ডার। জলবায়ু পরিবর্তনের কারণে প্রচলিত হিমবাহ সংকুচিত ও পরিবর্তিত হওয়ার সময়ে এসব বরফস্তরে কতটা পানি জমা রয়েছে, তা জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তবে উষ্ণতা বাড়লে রক গ্লেসিয়ার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এতে পাহাড়ি এলাকার পাশাপাশি নিচের দিকে থাকা জনবসতি ও অবকাঠামোর জন্যও ঝুঁকি তৈরি হতে পারে।
/অ