দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় হড়পা বানে সেনাবাহিনীর একটি শিবিরের দুটি আশ্রয়স্থল ভেসে যাওয়ার পর পাঁচ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে।
রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্র জানায়, দিবাং ভ্যালির মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাসু পানিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হড়পা বান আঘাত হানে। হঠাৎ একটি বড় জলধারার পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হলে এ ঘটনা ঘটে।
দিবাং ভ্যালির পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি সেনা শিবিরে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়স্থল পানির স্রোতে ভেসে যায়। এতে সাত সেনাসদস্য পানির স্রোতে আটকা পড়েন। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ সেনাসদস্যরা হলেন হাবিলদার উপেন্দর এবং কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্দা।
পুলিশ সুপার জানান, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন। ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি তল্লাশি ও উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ৫৮তম ব্যাটালিয়ন, সাধারণ সংরক্ষিত প্রকৌশলী বাহিনীর ৬২ আরসিসি, অরুণাচল প্রদেশ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও অভিযানে সহায়তা করছেন। পাসিঘাট থেকে ১০ সদস্যের একটি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
সেনা শিবির ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
এদিকে শুক্রবার আপার সুবানসিরি জেলায় পৃথক ঘটনায় ভূমিধসে চারজন নিহত হয়েছেন। জরুরি কার্যক্রম কেন্দ্র জানায়, কেওজারিং-বিয়াচিং সড়কের একটি কাটা অংশে ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়েন।
নিহতরা হলেন তাদু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি ও বাবুল আলী। বাবুল আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
ঘটনাস্থলে নাচো থানার পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। দাপোরিজো থেকে অগ্নিনির্বাপণ ও জরুরি সেবার কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধার অভিযানে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দলও কাজ করছে।
/অ