দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া ও উত্তর কোরিয়া সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার এ তথ্য জানিয়েছে।
কোরিয়ার জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, বিভিন্ন ক্ষেত্রে মস্কো ও পিয়ংইয়ং সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টা সমন্বয় করছে।
কেসিএনএ জানায়, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া ‘গঠনমূলক যৌথ কাজ’ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুতিন।
এর আগে শুক্রবার পিয়ংইয়ংয়ের মুক্তি মিনারে শ্রদ্ধা জানান কিম জং উন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে লড়াই করা সোভিয়েত সেনাদের স্মরণে নির্মিত ওই মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। কিমের নামে দেওয়া পুষ্পস্তবকে লেখা ছিল, ‘সোভিয়েত সেনাবাহিনীর শহীদদের বীরত্ব আমরা ভুলব না।’
কেসিএনএ জানায়, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রক্তের সম্পর্ক ও যুদ্ধকালীন বন্ধুত্বের উত্তরাধিকার দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কিম।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও কিমকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানিয়েছে কেসিএনএ।
পুতিনের বার্তা ও কিমের মুক্তি মিনার পরিদর্শনের মধ্য দিয়ে মস্কো ও পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতর সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। উত্তর কোরিয়ার রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার অভিযোগ করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তিনি আরও বলেছেন, পিয়ংইয়ং মস্কোকে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে এবং যুদ্ধ প্রচেষ্টায় আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়াকে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর মধ্যে সংঘাতের ক্ষেত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশটি নিজেদের অস্ত্র কর্মসূচির যৌক্তিকতা প্রতিষ্ঠা এবং চীন ও রাশিয়ার সমর্থন আরও জোরদার করতে চাইছে।
সূত্র: রয়টার্স
/অ