দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ৪০ দিনের বিরতির পর ফের স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলসংলগ্ন সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।
ওয়াশিংটন ও সিউলের দাবি, যৌথ মহড়া দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। তবে পিয়ংইয়ং বরাবরই এসব মহড়াকে নিজেদের ওপর সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করে আসছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানানো হয়।
কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের দূরপ্রাচ্য গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক লিম ইউল-চুলের মতে, জাপানের টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি যে বক্তব্য দিয়েছিলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
চলতি বছরে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গোলন্দাজ রকেট এবং অন্যান্য কৌশলগত অস্ত্রের একাধিক পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, সর্বশেষ নিশ্চিত অস্ত্র পরীক্ষা গত জুনের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এতে উন্নত ২৪০ মিলিমিটার বহুনল রকেট ব্যবস্থা, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বচালিত হাউইটজার পরীক্ষা করা হয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এ বিষয়ে তথ্য আদান-প্রদান করা হচ্ছে।
এদিকে জাপান সরকারও জানিয়েছে, উত্তর কোরিয়া এমন একটি বস্তু উৎক্ষেপণ করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
সূত্র: রয়টার্স
/অ