দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলায় রাশিয়া দুই ডজনের বেশি ব্যালিস্টিক ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করতে পারেনি।
বুধবার প্রকাশিত খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির মিত্রদের প্রতি দ্রুত আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিত্রদের সরবরাহে বিলম্ব কিংবা ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা দিতে অনীহাই এমন ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণ হচ্ছে। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।
হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান রোজেটকার একটি গুদামে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া খুচরা পণ্য বিক্রেতা এপিসেন্টর জানায়, হামলায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন এবং উৎপাদন অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে।
ইউক্রেনের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা ফোজি গ্রুপ জানিয়েছে, তাদের দুটি বিতরণকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালেও নতুন হামলার আশঙ্কা থাকায় উদ্ধারকর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা নির্ভুল ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও ড্রোন সংরক্ষণ এবং সরবরাহে ব্যবহৃত পরিবহন ও লজিস্টিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।
এদিকে একই রাতে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার তুলা অঞ্চলে একটি ওয়াইল্ডবেরিজ সর্টিং সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন ও শিল্প স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৩৭৭ বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ১২৯ জন আহত হয়েছেন, যা ২০২২ সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
সূত্র: সিএনএন
এমএস/