দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রের ঘাটতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট।
বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প জানতে পারেন যে দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অথচ তিনি ধারণা করেছিলেন, এ সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে।
বৈঠকের বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তেও প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে দায়ী করেন। তাঁর অভিযোগ, অস্ত্রের ঘাটতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের প্রকৃত অবস্থা সম্পর্কেও প্রেসিডেন্টকে পূর্ণাঙ্গভাবে অবহিত করা হয়নি।
ওয়াশিংটন পোস্ট জানায়, নতুন উৎপাদন চুক্তি হলেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে এখনও প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।
তবে প্রতিবেদনটি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একে "শতভাগ ভুয়া সংবাদ" বলে মন্তব্য করেন এবং বলেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।
একইভাবে অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগনও। সংস্থাটির প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, অস্ত্রের মজুত পরিস্থিতি নিয়ে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি। তিনি ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনকে ‘কাল্পনিক’ বলে অভিহিত করেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
যে আই