দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী জোটের একটি অংশের মধ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত সংলাপ শনিবার শুরু হচ্ছে। দেশটির রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সরকারপক্ষের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় পরিষদের প্রধান ও দীর্ঘদিনের আলোচক জর্জে রদ্রিগেজ। বিরোধী পক্ষের নেতৃত্বে থাকবেন দিনোরাহ ফিগুয়েরা, যিনি ২০১৫ সালে নির্বাচিত বিরোধী-নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের সভাপতি। ওই পরিষদকেই যুক্তরাষ্ট্র এখনো ভেনেজুয়েলার সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত আইনসভা হিসেবে স্বীকৃতি দেয়।
তবে আলোচনায় অংশ নিচ্ছেন না নোবেল শান্তি পুরস্কারজয়ী এবং দেশটির অন্যতম জনপ্রিয় বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের পর আত্মগোপনে থাকা মাচাদো গত বছর দেশ ছেড়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে যান।
সূত্রগুলোর দাবি, সংলাপ শুরুর বিষয়টি প্রথমদিকে মাচাদোকে জানানো হয়নি। পরে তাকে অবহিত করা হলেও প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তিনি ২০১৫ সালের জাতীয় পরিষদের সদস্য নন।
তবে গত সপ্তাহে মাচাদো বলেন, তিনি আলোচনায় অংশ নেবেন না, কিন্তু ‘বাস্তব অগ্রগতির পথে বাধা হবেন না।’ তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং নির্বাচনের সময়সূচি ঘোষণার মতো বিষয়গুলোই সংলাপের সাফল্যের প্রকৃত মানদণ্ড হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার জনগণ চাইলে মাচাদো ভবিষ্যতে সংলাপে ভূমিকা রাখতে পারেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে আলোচনায় সহায়তা করা, নির্দেশ দেওয়া নয়।
অন্তর্বর্তী সরকার সংলাপে অবশিষ্ট মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলবে বলে জানিয়েছে। অতীতে ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের প্রতিশ্রুতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র দেশটির তেল, গ্যাস ও স্বর্ণ খাতের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল।
বিশ্লেষকদের মতে, মাচাদোর অনুপস্থিতি বিরোধী শিবিরের একটি গুরুত্বপূর্ণ অংশকে সংলাপের বাইরে রাখলেও দীর্ঘদিন ধরে বিভক্ত বিরোধী রাজনীতিতে নতুন কোনো বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। তবে আলোচনার সফলতা নির্ভর করবে দ্রুত আস্থা তৈরির মতো বাস্তব অগ্রগতি অর্জনের ওপর।
সূত্র: রয়টার্স
এমএস/