দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে চলতি মাসে ইউক্রেনে ২০২২ সালের পর সর্বোচ্চ সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেন সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ মাসে রুশ হামলায় অন্তত ৩৭৭ জন নিহত এবং ২ হাজার ১২৯ জন আহত হয়েছেন। ২০২২ সালের এপ্রিলের পর এটিই সবচেয়ে প্রাণঘাতী মাস।
চলতি মাসে রাশিয়া একাধিকবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। এসব হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০ ড্রোন, ১ হাজার ৬৩০টির বেশি গাইডেড এরিয়াল বোমা এবং ৫০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, “ব্যালিস্টিক সন্ত্রাসের ওপর রাশিয়ার নির্ভরতা ভেঙে দিতে হবে।” তিনি আরও বলেন, “এই মুহূর্তে প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র জীবন বাঁচাতে পারে। তাই সেগুলো মিত্রদেশগুলোর গুদামে নয়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় থাকা প্রয়োজন।”
জেলেনস্কির এ বক্তব্যের মধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার চেরনিহিভে একটি সুপারমার্কেটে রুশ ড্রোন হামলায় ১০ বছর বয়সী এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্যাট্রিয়টসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য জেলেনস্কি আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনও গত এক সপ্তাহে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। কয়েকটি তেল শোধনাগার লক্ষ্যবস্তু হওয়ায় রাশিয়া ডিজেল রপ্তানির ওপর বছরের শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক শনিবার বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করবে।
ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, রাশিয়া ও রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় এখনো জ্বালানি সংকট রয়েছে। যদিও রুশ কর্মকর্তারা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার দাবি করছেন।
এদিকে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলার জবাবে রাশিয়া উত্তর ইউক্রেনের জ্বালানি স্টেশনগুলোতে হামলা বাড়িয়েছে। পাশাপাশি কৃষ্ণসাগর ও দানিউব নদীপথের ইউক্রেনীয় বন্দরগুলোর ওপরও আক্রমণ জোরদার করেছে।
এদিকে টানা তৃতীয় দিনের মতো রোববার কৃষ্ণসাগরের ওপর একটি রুশ ড্রোন ভূপাতিত করেছে রোমানিয়ার বিমানবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি রোমানিয়ার আঞ্চলিক জলসীমার ওপর গুলি করে নামানো হয়।
রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান রাশিয়ার এ পদক্ষেপকে “অগ্রহণযোগ্য ও অসহনীয়” বলে মন্তব্য করেছেন। এ ঘটনার পর রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুখারেস্টে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
সূত্র: সিএনএন
এমএস/