দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তেলের দাম কমে যাওয়া, আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার–সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাবকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে এই মূল্যবৃদ্ধি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী তাই ওং রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হলে স্বর্ণবাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশায় স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির আশঙ্কায় সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন প্রত্যাশায় মূলত এ দরপতন ঘটে। যদিও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই ধাতুর চাহিদায় চাপ সৃষ্টি করে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
এদিকে, দেশের বাজারে শুক্রবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এমএস/