দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্ন অমীমাংসিত রেখে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে তেহরানের আগ্রহ নেই।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
প্রস্তাব প্রত্যাখ্যানের খবরটি এমন সময় এলো, যখন প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
পুনর্বহাল করা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও ইরান হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা অব্যাহত রেখেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি তেহরান সফর করেন। এর আগে গত সপ্তাহের শুরুতে তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।
তেহরান সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আলি আল-জায়েদি ট্রাম্পের বার্তা ও মতামত পৌঁছে দিতে পারেন। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো মধ্যস্থতা চায় না ইরান।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘মূল বাধা হলো যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, মাত্রাতিরিক্ত ও আধিপত্যবাদী মনোভাব।’
এদিকে বৃহস্পতিবার ট্রাম্পও কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ইরান এখনো কোনো সমঝোতার জন্য প্রস্তুত নয় এবং দেশটির নেতাদের ‘অশুভ উদ্দেশ্য’ রয়েছে।
সূত্র: সিএনএন
/অ