দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আঘাত হানা লক্ষ্যবস্তুর মতোই এবারও হামলা চালানো হয়েছে। এতে উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি সামরিক বাহিনীর অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু তথা একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।
সূত্র: আল জাজিরা
কেএম