দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে এবং ওয়াশিংটন তাতে সম্মতি দিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, "যুদ্ধবিরতি শেষ"।
ট্রাম্পের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে দুই পক্ষই নিজেদের অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে আসছে।
গত দুই দিন ধরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে ইরানে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে ট্রাম্প স্পষ্ট করেননি, সম্ভাব্য নতুন আলোচনা যুদ্ধবিরতি পুনঃস্থাপন নাকি পারমাণবিক কর্মসূচি, অবরুদ্ধ সম্পদ এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা—এসব বিষয়কে কেন্দ্র করেই হবে।
এদিকে, কাতারের কর্মকর্তারা উত্তেজনা প্রশমনে ইরান সফর করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি জানান, তিনি মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, পারস্পরিক আস্থার সংকট কাটিয়ে উঠতে না পারলে সম্ভাব্য এই আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসার সম্ভাবনা কম।