দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা শেষে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। পরে তাকে মুক্তি দেওয়া হলেও এক সপ্তাহের জন্য আল-আকসা প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রয়োজন হলে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, শেখ হুসেইনকে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিতে আটক করা হয়েছিল। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, খুতবায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং ইসরায়েলের কারাগারে থাকা বন্দিদের মুক্তির প্রার্থনা করায় তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে।
ফিলিস্তিনি সূত্রের দাবি, শুক্রবার নাবলুসের হুওয়ারা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলার সময় একটি পরিবারের সদস্যদের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করা হয় এবং পরে ইসরায়েলি বাহিনী ওই পরিবারের তিন সদস্যকে আটক করে।
গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ তোলে। তবে এ অভিযোগের বিষয়ে ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/