দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভি। ঝড়টির প্রভাবে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদিকে তাইওয়ান, জাপান ও চীনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত টাইফুন বাভি বর্তমানে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি প্রথমে তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের কয়েকটি দূরবর্তী দ্বীপে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে শনিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে।
ঝড়ের আশঙ্কায় বিভিন্ন দেশে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পণ্য কিনতে মানুষের ভিড়ে সুপারমার্কেটগুলো প্রায় খালি হয়ে গেছে।
ফিলিপাইনের মিনদানাও দ্বীপে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে কয়েকটি পরিবার মাটিচাপা পড়ে। এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, বাভির প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দুর্যোগ মোকাবিলায় ২৯ হাজার সেনাসদস্য প্রস্তুত রাখা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আয়তনের দিক থেকে ১৯৮৭ সালের পর এটি হতে পারে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন।
অন্যদিকে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুনটির বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝড়টি উত্তর দিকেও অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রস্তুতি হিসেবে বাসিন্দারা জানালা সুরক্ষিত করছেন এবং ঘরবাড়িতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছেন।
টাইফুনের কারণে জাপান এয়ারলাইন্স ১০০টির বেশি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৬০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। থাই এয়ারওয়েজ ও মালয়েশিয়া এয়ারলাইন্সও তাইপেতে যাতায়াতকারী কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে।
এরই মধ্যে চলতি সপ্তাহে চীনে আঘাত হানা টাইফুন মায়সাকে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ঝড়টিতে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ব্যাপক কৃষি ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/