দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করবে এবং তুরস্ককে আরও আগ্রাসী করে তুলতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্ককে এফ-৩৫ দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। তার দাবি, আঙ্কারার বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের আদর্শ দ্বারা প্রভাবিত এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের আদর্শ মিত্র নন।
তিনি আরও বলেন, এফ-৩৫ বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তার মতে, তুরস্কের হাতে এই যুদ্ধবিমান গেলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।
তবে ট্রাম্প ভিন্ন অবস্থান নিয়েছেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরকালে তিনি জানিয়েছেন, আঙ্কারার কাছে এফ-৩৫ বিক্রির বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে তুরস্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র বলেও উল্লেখ করেন তিনি।
যদিও এ ইস্যুতে দুই নেতার অবস্থানে পার্থক্য দেখা গেছে, তবু ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে নেতানিয়াহু কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, দুই দেশের জাতীয় স্বার্থকে সামনে রেখেই উভয় নেতা সিদ্ধান্ত নেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের অবস্থান একই।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়েও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা সম্ভব বলে ট্রাম্প বিশ্বাস করলেও এ বিষয়ে তার সংশয় রয়েছে। তবে আলোচনার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি কমে আসা সমর্থন, ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন নেতার সমালোচনা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে।
সূত্র: সিএনএন
এমএস/