দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলার পর ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ‘গুরুতর সংকটের’ কারণে কিয়েভ লক্ষ্য করে ছোড়া ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও প্রতিহত করা সম্ভব হয়নি।
ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কিয়েভে অন্তত ১৪ জন এবং রাজধানী-সংলগ্ন অঞ্চলে আরও ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অনুসন্ধানী কুকুর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অভিযান চালাচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রোববার রাতের হামলায় রাশিয়া ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ইউক্রেনের বাহিনী ৩৭টি ক্ষেপণাস্ত্র ও ৩২৬টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি।
জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোর কাছে পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মজুত থাকা সত্ত্বেও সেগুলো ইউক্রেনে না আসা পর্যন্ত রাশিয়া আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। তিনি চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘শক্তিশালী সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে ৫৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন শিশু। রাজধানীর বাইরে আরও ১৬ জন আহত হওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।
হামলায় ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা ওলেনা বলেন, প্রথম বিস্ফোরণের পর জানালার কাচ ভেঙে তাদের ওপর পড়ে। এরপর পুরো ভবন কেঁপে ওঠে। তিনি জানান, ক্লান্তির কারণে সেদিন আশ্রয়কেন্দ্রে যাননি।
তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করছে। এগুলো প্রতিহত করার মতো কিছুই যেন আমাদের নেই। তাহলে আমাদের মিত্ররা কোথায়?’
এর আগে জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, গত সপ্তাহের বড় হামলার পর রাশিয়া কিয়েভে আরও একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। সেই হামলায় ৩০ জন নিহত হয়েছিল।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ৬২৫টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৬১৩টি ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনও জানিয়েছে, তারা রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলন উপলক্ষে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প-এর বৈঠক হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, সম্মেলনে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে।
সূত্র: বিবিসি
এমএস/