দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার বাণিজ্যিক চাপের মুখে থাকা আর্মেনিয়াকে অতিরিক্ত ১ কোটি ৮০ লাখ ইউরো অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে দেশটির রপ্তানি পণ্যের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করারও সিদ্ধান্ত নিয়েছে জোটটি।
বৃহস্পতিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান সফরে গিয়ে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, রাশিয়ার অর্থনৈতিক চাপের মধ্যেও আর্মেনিয়ার প্রতি সমর্থন আরও বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন এবং দেশটির পণ্য দ্রুত ইউরোপীয় বাজারে প্রবেশের ব্যবস্থা করা হবে।
উরসুলা ফন ডার লেয়েন বলেন, ‘আমি জানি, আর্মেনিয়া এখনো রাশিয়ার উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। তবে নিশ্চিত থাকুন, আমাদের অংশীদারদের ওপর চাপ বাড়লে ইউরোপীয় ইউনিয়নও আরও এগিয়ে আসে। আপনারা আমাদের ওপর ভরসা করতে পারেন।’
তিনি জানান, আর্মেনিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি হওয়া প্রায় ৮০ শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে প্রায় ৪৫ কোটি ভোক্তার ইউরোপীয় বাজারে দেশটির পণ্য আরও সহজে প্রবেশ করতে পারবে।
বৃহস্পতিবার ঘোষিত ১ কোটি ৮০ লাখ ইউরো সহায়তা চলতি জুনের শুরুতে আর্মেনিয়ার জন্য ঘোষিত মোট ৫ কোটি ২০ লাখ ইউরোর বৃহত্তর সহায়তা প্যাকেজের অংশ।
জুনে অনুষ্ঠিত আর্মেনিয়ার পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির ওপর ব্যাপক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। ওই নির্বাচনে ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট’ দল ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়।
নির্বাচনে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের অভিযোগ তোলে মস্কো। একই সঙ্গে আর্মেনিয়ার বিরোধীদের অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচনে অনিয়মের অভিযোগও করে রাশিয়া।
পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আর্মেনিয়া। এ প্রেক্ষাপটে রাশিয়ার আরোপিত বাণিজ্যিক বিধিনিষেধে দেশটির তাজা কৃষিপণ্য, ফুল, মাছ ও মদ্যপ পানীয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর আর্মেনিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৩৫ শতাংশ ছিল রাশিয়ার সঙ্গে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল ১১ শতাংশ।
এর আগে বুধবার আজারবাইজান সফরে উরসুলা ফন ডার লেয়েন ঘোষণা দেন, দক্ষিণ ককেশাস অঞ্চলে পরিবহন, জ্বালানি ও ডিজিটাল সংযোগ জোরদারে ২০ কোটি ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রায় চার দশকের সংঘাতের পর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করতেই এই অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
/অ