দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুটির নাম ক্লেইবার মোরান।
জর্ডানের উদ্ধারকারী দল জানায়, ভেনেজুয়েলার লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত বের করে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানী কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই উদ্ধারকে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ করেছেন। সাধারণত ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধরা হলেও ছয় দিন পর শিশুটির জীবিত উদ্ধার হওয়াকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়ায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। লা গুয়াইরায় যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক সেবাও প্রায় ভেঙে পড়েছে। খাদ্য সংকটকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, স্বাস্থ্যব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। টিকাদানের নিম্ন হার থাকায় হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।
এদিকে দেশি-বিদেশি উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ ইতোমধ্যে ৪৭ টন জরুরি মানবিক সহায়তা ভেনেজুয়ায় পাঠিয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/