দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ন্যাটো ছাড়ার কোনো পরিকল্পনা নেই বরং পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে সামরিক জোটটি বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের।
আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গুলের জানান, সম্মেলনে ৩২টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি উপসাগরীয় অঞ্চল এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরাও অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হবে জোটের ঐক্য আরও সুদৃঢ় করা, প্রতিরোধ সক্ষমতা বাড়ানো, সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরা এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা।
তিনি বলেন, ন্যাটো এখনো ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বর্তমান পরিস্থিতিকে সংকট নয়, বরং পরিবর্তিত নিরাপত্তা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে দেখছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ন্যাটো ত্যাগ করা নয়; বরং ইউরোপীয় মিত্র ও কানাডাকে ইউরোপের নিরাপত্তায় আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো।
তিনি আরও বলেন, ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার উদ্যোগ ইতিবাচক হলেও সেখানে তুরস্ককে বাইরে রাখা কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। ইউরোপের নিরাপত্তা উদ্যোগে তুরস্কের মতো গুরুত্বপূর্ণ সক্ষমতাসম্পন্ন দেশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে গুলের বলেন, ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৯ সালের মধ্যেই নির্ধারিত সামরিক সক্ষমতার লক্ষ্য পূরণ করতে চায় আঙ্কারা।
তিনি জানান, ড্রোন, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ প্রকল্প, চালকবিহীন প্রযুক্তি এবং সাইবার সক্ষমতা উন্নয়ন বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা বিনিয়োগের অগ্রাধিকার। একই সঙ্গে দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ যত দ্রুত সম্ভব সম্পন্ন করার কাজ চলছে।
আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ফ্রান্স-ইতালির যৌথভাবে তৈরি এসএএমপি-টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়েও সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে যেকোনো উদ্যোগে তুরস্ক আগ্রহী।
সূত্র: রয়টার্স
/অ