দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ফ্রান্সের অংশগ্রহণের প্রস্তাব নাকচ করেছে ইরান। একই সঙ্গে প্যারিসকে এমন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান, যা ওই কৌশলগত নৌপথের সংবেদনশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইনি ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম গারিবাবাদি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ একমাত্র ইরানই পরিচালনা করবে।
তিনি বলেন, এ কাজে অন্য কোনো দেশের সমান্তরাল উদ্যোগ বা বিদেশি সম্পৃক্ততা অনুমোদন করা হবে না। হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ‘সংবেদনশীল ও জটিল’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা ফ্রান্সকে জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, উসকানিমূলক পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করবেন না।”
গারিবাবাদির এ মন্তব্য আসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর এক ঘোষণার পর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, ফ্রান্স ও ওমান যৌথভাবে এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে মাইন অপসারণে কাজ করবে, যাতে কৌশলগত এই নৌপথে অবাধ ও শর্তহীন চলাচল নিশ্চিত করা যায়।
প্যারিসে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকের পর মাখোঁ এ ঘোষণা দেন। এটি ছিল ওমানের সুলতানের প্রথম সরকারি ফ্রান্স সফর।
ইরান এর আগেও একাধিকবার বলেছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যবস্থাপনা, মাইন অপসারণ এবং অস্থায়ী সামুদ্রিক ব্যবস্থা ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হবে এবং উপকূলীয় রাষ্ট্র হিসেবে এর সমন্বয় করবে ইরান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের পর থেকে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। পরে ১৮ জুন কার্যকর হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় সামুদ্রিক চলাচল পুনঃস্থাপন এবং অস্থায়ী নৌ-চলাচল ব্যবস্থা চালু করা হয়।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
জে আই