দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়ন করলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাঁর এ বক্তব্যের আগে সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তবে ইরান এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কি না কিংবা আদৌ করবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন—দুজনই এ হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। তবে মুলিন বলেছেন, এটি নতুন কোনো হুমকি নয় এবং ইরান এ ধরনের পরিকল্পনা নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষী।
ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।
এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ‘সর্বাত্মক যুদ্ধের’ সূত্রপাত ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন মুলিন। মঙ্গলবার সিএনবিসিকে তিনি বলেন, ‘আপনারা যদি আমাদের কোনো শহর বা ওয়াশিংটন ডিসিকে লক্ষ্যবস্তু করেন, তাহলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। এর অর্থ, আমরা সব ধরনের সক্ষমতা কাজে লাগাব। শুধু আকাশপথের শক্তি নয়, সব সম্পদ ব্যবহার করে আপনাদের ওপর হামলা চালাব এবং ধ্বংস করব।’
সিএনএনের সঙ্গে কথা বলা সূত্রগুলো জানিয়েছে, আপাতত ইরানের এই পরিকল্পনাকে সম্ভাব্য পদক্ষেপের বিকল্প খোলা রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এটি আসন্ন কোনো হামলার ইঙ্গিত নয়।
তবে মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটিকে ইরানের উদ্বেগজনকভাবে সংঘাত বাড়ানোর প্রবণতার ইঙ্গিত হিসেবে দেখছেন। দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে রয়েছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই অবরোধে ইরানের অর্থনীতি ‘বিধ্বস্ত’ হচ্ছে বলে দাবি করেছেন।
সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’
মঙ্গলবার একই অবস্থানের কথা জানান মুলিন। তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত রয়েছে। তবে প্রতিদিনই আমরা নতুন নতুন হুমকি মোকাবিলা করছি।’
সিএনএনের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘যারা আমাদের দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করে, তাদের ওপর যুক্তরাষ্ট্র সব সময় নজর রাখে। প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের হুমকির তথ্য পাই, যার বেশির ভাগই বিশ্বাসযোগ্য নয়। তবে প্রতিটি তথ্যই আমাদের যাচাই করে দেখতে হয়।’
এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি দিলেও ইরান সেগুলো বাস্তবায়ন করেনি। তবে ২০২০ সালের পর থেকে ইরানের মদদপুষ্ট একাধিক সম্ভাব্য হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নস্যাৎ করেছে বলে গত বছর জানিয়েছিল দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
এদিকে, ডার্টি বোমা তৈরির পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। একে ‘গণমাধ্যমের বানানো বয়ান’ বলে অভিহিত করেছে দেশটি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেখেন, ‘যারা ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে, তারাই এখন ভিত্তিহীন অভিযোগ তৈরি ও প্রচারের মাধ্যমে নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করছে। ধাপে ধাপে তারা আরও আগ্রাসন ও নৃশংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো আগ্রাসনের জবাব কীভাবে দিতে হয় এবং কীভাবে তা স্মরণীয় করে রাখতে হয়, ইরান তা ভালোভাবেই জানে।’
মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ‘ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার’ সঙ্গে তুলনা করেন।
এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে সংঘাত অবসানে দুই দেশের আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে কয়েক মাস ধরে ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা বন্ধ রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সংঘাত আরও বাড়ানোর হুমকিও একাধিকবার দিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন
এমএস/